
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় খাড়েরা গ্রামের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ঘুষ বন্ধ করো”, “অনিয়ম বন্ধ করো” এবং “দুর্নীতিমুক্ত ভূমি অফিস চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আল মামুন, মো. সোহেল ও মো. আশিক। বক্তারা অভিযোগ করেন, খাড়েরা ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন।
তাদের দাবি, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ ও অযথা সময়ক্ষেপণের কারণেও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা মনির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

