বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

উচ্ছেদের ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজউক পরিচালক মোবারক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উন্নয়ন নিয়ন্ত্রণ-২ বিভাগের পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং ‘উচ্ছেদ বাণিজ্য’-এর গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, উচ্ছেদের ভয় দেখিয়ে ভবন মালিক ও ডেভেলপারদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, মহাখালী জোন-৪-এর অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালনকাল থেকেই তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে। অভিযোগ রয়েছে, বিভিন্ন মার্কেট কমিটি ও ভবন মালিকদের কাছে উচ্ছেদ নোটিশ পাঠিয়ে আতঙ্ক তৈরি করা হতো। পরে অর্থের বিনিময়ে নামমাত্র উচ্ছেদ দেখিয়ে বিষয়টি সমাধান করা হতো।

এছাড়া নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিপুল সংখ্যক ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে উৎকোচ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাজউকের একাধিক সূত্র এ ধরনের অনিয়মের ইঙ্গিত দিয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে। ২০২৩ সালের ৩০ জুলাই তার বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান নোটিশ জারি করা হয়, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় তার নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। পাশাপাশি গ্রামের বাড়িতেও বিপুল পরিমাণ জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। পরিবারের সদস্যদের নামে দামি গাড়ি ও ব্যাংক হিসাবেও বড় অঙ্কের অর্থ থাকার তথ্য উঠে এসেছে।

রাজউকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মোবারক হোসেনকে ঘিরে ভেতরে-বাইরে নানা আলোচনা রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবারক হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টদের মতে, রাজউকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ