বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

দুর্নীতির মামলা: গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে

দুর্নীতির মামলা:
গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ আদেশ দেন।
ইব্রাহিম খলিল গাজীপুরের আদালতে হাজিরা দিতে গেলে তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তফা কামাল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে চার্জশিটভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করে। একই মামলায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগমও আসামি।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা হয়।
দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ২০২৩ সালের ২৫ জুন প্রকৌশলী ইব্রাহিম ও তার পরিবারের বিরুদ্ধে গাজীপুরে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় গত বছর ২২ মে চার্জশিট দাখিল করা হয়।
ইব্রাহিম খলিল অবশ্য এর আগে অভিযোগ ওঠার পর সব সময় দাবি করে আসছেন তার যে সম্পদ দেখিয়ে দুদক মামলা দায়ের করেছে এই সম্পদ ওয়ারিশ সূত্রে পাওয়া। একটি পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে একতরফাভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ