বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

গ্রাহকদের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ: নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে রূপালী ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের অপরাধে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।

সাবেক এই ব্যাংক কর্মকর্তার নাম বেলায়েত হোসেন। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিকে ১৮৬০ সালের দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪৬৮ ধারায় পাঁচ বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইদ্রিস জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংক জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কর্মকালে এই কর্মকর্তা ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্নভাবে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করেন। পরে তিনি টাকাগুলো আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা করে। মামলাটি তদন্ত করে দুদক। দীর্ঘ তদন্ত শেষে দুদকের তৎকালীন সহকারি পরিচালক মো.হোসাইন শরীফ অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আশরাফ/০৯.০৪.২৬

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ