
এসিএম নিউজ, ঢাকা
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে ধানমন্ডির নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনো নিশ্চিত করেননি তিনি।
সূত্র জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল ভোররাতে রাজধানীর ধানমন্ডি ৮/এ এলাকার শিরীন শারমিনের নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে ডিবি কার্যালয়ে এনে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে এতদিন বলা হয়েছে। তিনি নিজ বাসায় থাকলেও তাকে পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তাঁর অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ে।
শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা এক দশকেরও বেশি সময় তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তিনি আবারও স্পিকার নির্বাচিত হন।
তিনি রংপুর-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
তাকে রংপুরের মামলায় নেওয়া হবে, নাকি ঢাকার কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

