
ভোলা সদর উপজেলার অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় দুই হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করে বাজারমূল্যে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তেলগুলো উদ্ধার করা হয়।
সুজন বলেন, “গোপন সংবাদে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে একটি স্টিল বডির বোট করে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় দুজন চোরাকারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
“পরে ওই তেল ভোলা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ‘এ রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে’ বাজারমূল্যে বিক্রি করা হয়। আর আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ তাদের ছেড়ে দেওয়া হয়।”
তেল বিক্রি ও জরিমানা থেকে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন।
@bdnews24

