Sunday, September 20, 2026

মির্জা আব্বাসের মানহানি: নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা গ্রহণ, সমন জারি

মির্জা আব্বাসের মানহানি:
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা গ্রহণ, সমন জারি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ‘অপরাধমূলক ভয়ভীতি’ প্রদর্শন এবং ‘মানহানির’ অভিযোগে করা মামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে হবে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত অভিযুক্ত পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন।

সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলা করেন রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম। দুপুরে শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে আদালতে হাজির হতে হবে এখনো তারিখ নির্ধারিত হয়নি।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর পর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
সর্বশেষ ৫ মার্চ নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ এবং বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে মির্জা আব্বাসকে নিয়ে চরম অবমাননাকর মন্তব্য প্রকাশিত হয়। সেখানে মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়।
সম্মানহানির অভিযোগ প্রসঙ্গে বাদী আশরাফুল ইসলাম বলেন, ‘এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। এসব মিথ্যা তথ্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মানের অপূরণীয় ক্ষতি হচ্ছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই কুরুচিপূর্ণ বক্তব্য দেখেছেন, যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে।’
অভিযোগে আরও বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই পরিকল্পিতভাবে এই মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে, যা শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতিবহির্ভূত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ