
এসিএম নিউজ, ঢাকা
জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক পৃথক আদেশে এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন।
আবেদনে বলা হয়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট আবুল কালাম আজাদ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন সংস্থার উপসহকারী পরিচালক রুবেল হোসেন।
আবেদনে বলা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিবলী নোমান এখনও দেশে অবস্থান করছেন এবং দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য তার বিদেশ গমন ঠেকানো আবশ্যক।

