মঙ্গলবার, মে ৫, ২০২৬

ফরিদপুর-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫টি বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩ স্বতন্ত্র প্রার্থীসহ বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন। এসময় সংশ্লিষ্ট আসনের সকল দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রস্তাবকারী ও সমর্থনকারীদের সামনে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির মো. শহিদুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সরোয়ার হোসাইন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান কালু, জাতীয় পার্টির রায়হান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চোকদার।

মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, গণ অধিকার পরিষদের মো. তাসলিম মাতুব্বর, স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ, মুহাম্মদ মজিবুর হোসাইন, আবদুল কাদের মিয়া। মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাচাই-বাছাইয়ে কাগজপত্রে তিনজন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের এক পারসেন্টের গরমিল থাকা, খেলাফত মজলিসের প্রার্থীর বিদ্যুৎ বিল জমা না দেওয়ায় ও গণ অধিকার পরিষদের প্রার্থীর কাগজপত্রের ত্রুটি থাকায় মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য সব দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা জানান, যাচাই-বাছাইয়ে পাঁচ প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সঠিক সময়ে সম্পন্ন করা হবে।
মনোনয়পত্র বৈধ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, দলের ও ভোটারদের কাছে কৃতজ্ঞতা। ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেননি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন ও পুরাতন ভোটার আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে।
@kalerkontho

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ