
এসিএম নিউজ, ঢাকা
অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, বিজ্ঞাপনী সংস্থা গ্রে এডভার্টাইজিংয়ের সাবেক ব্যবসায়িক অংশীদার এবং বর্তমানে ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘ডট বার্থ’-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও আলফা আই স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়ার (শাকিল শাহরিয়ার) সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি জানান, তিন ব্যক্তির সম্পদের বিস্তারিত হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সম্পদ ও আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি দুদকের একটি আইন প্রয়োগকারী দল (এনফোর্সমেন্ট টিম) অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাপ্ত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কমিশন মনে করেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎস যাচাই করা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারার আওতায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর দুদক প্রযোজনা সংস্থা আলফা আই প্রোডাকশনে একটি অভিযান পরিচালনা করে। চলচ্চিত্র নির্মাণের আড়ালে প্রতিষ্ঠানটি অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত এই অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
আলফা আইয়ের অফিসে অভিযানের সময় দুদকের টিম প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করে। এ সময় বিভিন্ন হিসাব সংক্রান্ত নথিপত্র যাচাই করে। অভিযান পরিচালনাকারী দলটি বিভিন্ন অনিয়ম দেখতে পায়। পরে তাদের প্রতিবেদনের ভিত্তিতে দুদক হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

