শুক্রবার, জুন ১৯, ২০২৬

বিশিষ্ট সাংবাদিক ও সাবেক প্রেসসচিব নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিলের সিদ্ধান্ত

এসিএম নিউজ, ঢাকা

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বিশিষ্ট সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী সাংবাদিক নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলায় চার্জশিট দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদক দুই মামলার চার্জশিট অনুমোদন দেয়।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদেরকে গত বছরের ১৭ জুলাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় কমিশন।
নির্দেশে নির্ধারিত ২১ কার্যদিবস সময়সীমার মধ্যে তাঁরা কেউই সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেননি। এমনকি তাঁরা সম্পদ বিবরণী দাখিলের সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও কমিশনে দাখিল করেননি।
নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ায় ২০২৫ সালের ৩০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন অভিযোগের সত্যতা পাওয়ায় দুদকের প্রধান কার্যালয়ে চার্জশিট দাখিল করেন। দুদক এই চার্জশিটের অনুমোদন দেয়। উক্ত চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে দুদক মহা পরিচালক জানান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ