
এসিএম নিউজ, ঢাকা
দুর্নীতির অভিযোগ থাকায় লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের (অব.) আয়কর নথি পর্যালোচনা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে এ কারণে তার আয়কর নথি জব্দের আবেদন করা হয়।
দুদকের আবেদনের ওপর শুনানি শেষে বিচারক মো. সাব্বির ফয়েজ সাবেক এই সেনা কর্মকর্তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদ (অব.) দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয় বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছেন। ওই মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোন সম্পদ রয়েছে কি-না, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির আয় কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন।

