
রংপুরের মিঠাপুকুরে ঘুষের বিনিময়ে জমির খাজনা কমিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
তিনি জানান, তদন্তে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেশি টাকা নিয়ে রশিদে কম দেখানোর অভিযোগ ওঠে জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. আলামিন তালুকদারের বিরুদ্ধে। পরে প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই সঙ্গে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি মোতাবেক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের আদেশ তার চাকরি বইতে লিপিবদ্ধ করা হবে এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি (খোরপোষ) ভাতা প্রাপ্ত হবেন।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ভূমি কর্মকর্তা আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
@dhakamail

