দুদকে আমলে নেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, মিস্টার টেন পার্সেন্ট হিসাবে পরিচিত গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর নিকটাত্মীয়। তিনি হাসিনা সরকারের বিশেষ সুবিধাভোগীদের অন্যতম। দুই বছরের বৈদেশিক ছুটি নিয়ে ১০ বছর অননুমোদিতভাবে বিদেশ থাকায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু আবুল হাসানাত আব্দুল্লাহর প্রভাবে চাকরিতে পুনর্বহাল হন। এলাকায় নামে-বেনামে ২০০ একরের বেশি সম্পদ কিনেছেন তিনি। বিদেশে পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ। গণপূর্ত সার্কেল-৪ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম সোহরাওয়ার্দী সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের ক্যাশিয়ার এবং পোস্টিং বাণিজ্যের হোতা। টানা ১৬ বছর ঢাকায় থেকে গুলশান, ধানমন্ডি, বনানী এবং উত্তরার মতো অভিজাত এলাকায় নামে-বেনামে একাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক হয়েছেন।

আরও অভিযোগ আছে-গণপূর্ত মেট্রোপলিটন জোনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু গোল্ডেন মনিরের ঘনিষ্ঠ সহযোগী। তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল নির্মাণ কাজে দুর্নীতির দায়ে বরখাস্ত ও দণ্ডপ্রাপ্ত। সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রোকনউদ্দিন (বরখাস্ত) বর্তমানে অস্ট্রেলিয়ায় পলাতক। সাবেক প্রধান প্রকৌশলী রফিকুলের ডানহাত রোকন বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী থাকতেই শতকোটি টাকার মালিক বনে যান। জিকে শামীমকে এনবিআর ভবন ও নিউরো সায়েন্স ভবনের কাজ পাইয়ে দেন রোকন। অভিযোগ আছে-রোকন তার স্ত্রীর নামে অস্ট্রেলিয়ার সিটি সেন্টারে ২৫টি দোকান, সিডনিতে মেয়ের নামে সিএনজি স্টেশন (মালিক স্ত্রী), বিলাসবহুল বাড়ি ও ১৫টি দোকান ক্রয় করে স্ত্রীর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। মাদারীপুরের কালকিনিতে আলিশান বাংলোবাড়ি, ধানমন্ডিতে ২৫ কোটি টাকার সুবিশাল ফ্ল্যাট রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ সবশেষ হাসিনা সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা রহমানের পিএস ছিলেন। এর আগে টানা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসাবে ১২ বছর চাকরি করে অবৈধভাবে উপার্জন করেছেন অন্তত দেড় হাজার কোটি টাকা। ঢাকায় ধানমন্ডি, লালমাটিয়া, গুলশান ও বনানীতে তার নামে-বেনামে ফ্ল্যাট রয়েছে। পূর্বাচলে আছে ১০টি প্লট, ৫ বিঘা জমি (রাজউকের এরিয়ার পাশেই) এবং চট্টগ্রামে বিপুল জমি ও আলিশান বাংলোবাড়ি।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক মধুর বিরুদ্ধে অভিযোগ-তিনি কাজ না করিয়েই নিউরো সায়েন্স হাসপাতাল নির্মাণ প্রকল্পে ১০ দশমিক ৫ কোটি টাকার বিল দিয়ে দেন জিকে শামীমকে। তদন্তে তা প্রমাণিত হলেও প্রভাবশালীদের তদবিরে তাকে লঘুদণ্ড হিসাবে বেতনের এক ধাপ নিু পদে অবনমন করা হয়। পরে পদোন্নতিসহ রাজশাহীতে গুরুত্বপূর্ণ পোস্টিং বাগিয়ে নেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহমেদের বিরুদ্ধেও আছে দুর্নীতির এন্তার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন। একই চক্রের আরেক সদস্য গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মহিতুর রহমান। তিনি টেন্ডার সিন্ডিকেটে জড়িত ছিলেন।

জানা গেছে, দুদকের সাবেক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে গঠিত একটি দল জিকে শামীমসহ গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের এসব সিন্ডিকেটের বিষয়ে অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত ছিল। তবে সৈয়দ ইকবাল অবসর গ্রহণ এবং টিমের অপর সদস্য উপপরিচালক মো. সাইফুল ইসলাম ও উপপরিচালক মোহাম্মদ নেয়ানুল আহসান গাজী বদলি হয়ে অন্যত্র চলে গেলে অনুসন্ধান কাজ থেমে যায়। সম্প্রতি আরেকটি অনুসন্ধান দল গঠন করেছে বর্তমান কমিশন। পরিচালক মো. আব্দুল মাজেদের নেতৃত্বে অনুসন্ধান টিমে রয়েছেন উপপরিচালক মো. গুলশান আনোয়ার, সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়া, উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ অনি। এই টিমের প্রধান আব্দুল মাজেদের চাকরির মেয়াদ শেষের পথে। আর গুলশান আনোয়ার বদলি হয়ে গেছেন। সংশ্লিষ্টরা বলেছেন, প্রভাবমুক্তভাবে দ্রুত অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হলে উল্লিখিত সবাই ফেঁসে যাবেন।