
রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি অভিযোগ করেছে, ‘অবাস্তব ও বিকৃত’ তথ্য ব্যবহার করে ১২৫টি লাগেজ ভ্যান কেনার সিদ্ধান্তে এ ক্ষতি হয়েছে।
আজ রোববার দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান সংস্থার ঢাকা জেলা কার্যালয়-১–এ মামলাটি করেন। পরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, মিথ্যা তথ্য উপস্থাপন, আর্থিক অনিয়ম ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতি করেছেন।
মামলার এজাহারে প্রথমে নাম রয়েছে রেলওয়ের অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী ও পরিচালক মৃণাল কান্তি বণিকের। আরও আছেন প্রকল্প পরিচালক আবদিল মতিন চৌধুরী, সাবেক মহাব্যবস্থাপক মো. হারুন-অর-রশীদ, সাবেক মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও সাবেক মহাপরিচালক শামসুজ্জামান।

