
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ওষুধ কেনাকাটায় কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ ও তার প্রধান সহযোগী দেলোয়ার হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে নিপীড়িত নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে ছাত্রজনতা, সচেতন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওষুধ কেনাকাটায় পরিচালক মাসুদ পারভেজসহ কয়েকজন চিকিৎসক কোটি টাকার লোপাট করেছেন। এ অভিযোগের তালিকায় পরিচালকের ঘনিষ্ঠ সহকারী দেলোয়ার হোসেনের নামও উঠে এসেছে।বক্তাদের অভিযোগ, হাসপাতালের অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি; বরং একের পর এক দুর্নীতির ঘটনা প্রকাশ পাচ্ছে।তাদের দাবি, হাসপাতালের সেবাকে জনবান্ধব করতে হলে অনিয়ম-দুর্নীতিতে জড়িত পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের দ্রুত অপসারণ জরুরি।