সোমবার, জুন ৮, ২০২৬

বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে দু’র্নী’তির অভিযোগ, তদন্তের নির্দেশ

বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাজিয়া সুলতানার বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

৩ জুন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

জানা গেছে, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা মো. আলিম উদ্দিন হারুন সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিয়মবহির্ভূতভাবে হাটবাজার ইজারা প্রদান করেছেন এবং সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা না নিয়ে ইজারাগ্রহীতাদের সুবিধা দিয়েছেন।

এছাড়া পৌরসভার বিভিন্ন টেন্ডার কার্যক্রম, ইমারত নির্মাণের নকশা অনুমোদন এবং প্রশাসনিক বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগও আনা হয়েছে। অভিযোগে ব্যক্তিগতভাবে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে রাজিয়া সুলতানার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সরেজমিন তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

এ বিষয়ে ৪ জুন রাজিয়া সুলতানার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এটি একটি প্রশাসনিক বিষয়। এ ধরনের অনেক অভিযোগই বিভিন্ন সময়ে ওঠে, যার বেশিরভাগই পরে অসত্য প্রমাণিত হয়। যেহেতু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।”

তিনি আরও বলেন, “আমার জানামতে, আমি প্রায় ছয় মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। ওই সময়ে সব কার্যক্রম নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম হয়নি।”

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ