
মাসুদ চৌধুরী সাঈদ:
ভিজিএফ চাউল চুরির অভিযোগে ২ ইউপি সদস্য শ্রীঘরে প্রেরণ করা হয়েছে। ২৪ মে রবিবার মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে দুস্থ ও দরিদ্র অসহায় ব্যাক্তিদের বরাদ্দকৃত ভিজিএফ এর ৫০ কেজি ওজনের প্রতি বস্তা মোট ৫০ বস্তা চাউল চুরি করে পাশের এলাকা রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়ি রাখার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ চুরি যাওয়া চাউল উদ্ধার ও তাদের গ্রেফতার করে। এলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
অন্যান্য ইউনিয়নে কিছুটা অনিয়মের চিত্র দেখা গেলেও ঐ চাউল চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ইউপি সদস্যদের সতর্ক ভাবে সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণ করে। তাও আবার ১০ কেজির মধ্যে ৯.৪০০ কেজি। সুবিধাভোগীদের আপত্তি থাকলেও নিরবে চাউল নিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিলপৌলী গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আয়নাল হক (৬৫) ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য, রাথুরা গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে মোঃ মানিয়ার (৬২)।
তথ্য সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭. ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অভিযুক্ত ২ ইউপি সদস্য স্থানীয় কয়েকজন চাউল ব্যবসায়ীর যোগসাজশে এ চুরির ঘটনা ঘটায়। বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা ২/৩ পর চাউল নিয়ে যাওয়ার কথা বলে রেখেছিলেন।
ধামশ্বর ইউপি চেয়ারম্যান অ্যাডঃ ইদ্রিস আলী বলেন, সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী চাউল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত সরকারি চাউল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, সরকারি চাউল আত্মসাতের অভিযোগে ২ ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

