সোমবার, মে ১৮, ২০২৬

সাবেক দুই প্রতিমন্ত্রীর স্ত্রী এবং সংসদ সদস্য এনামুল ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী এবং সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক পৃথক এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক পৃথক আবেদন করে চারজনের আয়কর নথি জব্দের নির্দেশ চান।

দুদকের আবেদনে বলা হয়েছে, নুরুল মজিদের স্ত্রী নাদিরা মাহমুদ, পলকের স্ত্রী আরিফা জেসমিন এবং সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক পৃথক দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলা তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি যাচাই-বাছাই করা প্রয়োজন। তাই সেগুলো জব্দ করা প্রয়োজন।
উল্লেখ্য, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৯ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৩১টি ব্যাংক হিসাবে শত কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা রয়েছে।

সাবেক সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে প্রায় ২৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং বিপুল অঙ্কের সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে দুর্নীতির মামলা রয়েছে। একইসঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধেও কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ