বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

রাজাপুরে জেলা পরিষদের ডাকবাংলো দখলের অ’ভিযোগ নতুন ওসির বি’রুদ্ধে

আবাসন সংকটের কথা বলছেন ওসি; ভারতীয় অতিথি আলেমদের থাকা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝালকাঠির রাজাপুর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাসের বিরুদ্ধে জেলা পরিষদের ডাকবাংলো দখল করে বসবাসের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত ১৮ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি থানার নির্ধারিত বাসভবনে না উঠে ডাকবাংলোতে অবস্থান করছেন এবং এর প্রধান ফটক তালাবদ্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারত থেকে আগত তিনজন আলেমের আবাসন ব্যবস্থা নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ভারতের জৌনপুর থেকে আগত ওই আলেমরা প্রতিবছর রাজাপুরে এলে ঐতিহ্যগতভাবে জেলা পরিষদের ডাকবাংলোতেই অবস্থান করেন। তবে এবার ওসির অবস্থানের কারণে তাদের সেখানে রাখার সুযোগ হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি ডাকবাংলো সাধারণত অতিথি, ভ্রমণকারী ও গুরুত্বপূর্ণ আগন্তুকদের অস্থায়ী আবাসনের জন্য ব্যবহৃত হয়। সেখানে কোনো কর্মকর্তার দীর্ঘ সময় অবস্থান জনস্বার্থের পরিপন্থী।

অভিযোগের বিষয়ে ওসি সুজন বিশ্বাস বলেন, থানার আবাসিক ভবন বর্তমানে বসবাসের অনুপযোগী থাকায় সাময়িকভাবে তিনি ডাকবাংলোতে অবস্থান করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী জানান, থানার ভবনের সংস্কার কাজ শেষ হলে ওসি দ্রুতই ডাকবাংলো ছেড়ে নিজ বাসভবনে চলে যাবেন।

তবে স্থানীয়দের দাবি, সরকারি অতিথিশালা বা ডাকবাংলো জনসাধারণ ও অতিথিদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা উচিত। তাই দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ