
ফেনী ও পঞ্চগড় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— ফেনীতে বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড় জেলার এসপি মো. মিজানুর রহমান।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৯ মে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে আগামী ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। একই সঙ্গে পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ১০ মে’র মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ মে দেশের ১২টি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়। সেই তালিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছিল।
তবে নিয়োগের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে, দুটি হত্যা মামলার আসামি থাকা সত্ত্বেও তাকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।
রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

