বুধবার, মে ১৩, ২০২৬

আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সময় ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন। এছাড়া ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করা প্রয়োজন। আর এজন্য তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ