বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

হাইকোর্টের রায়ে বড়পুকুরিয়া মামলায় খালাস পেলেন মোয়াজ্জেম হোসেন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন।

এর আগে, ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া কয়েকজন আসামি মৃত্যুবরণ করায় তাদেরও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর হাইকোর্টে আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। প্রাথমিক শুনানি শেষে আদালত গত বছরের ২৭ জানুয়ারি রুল জারি করে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে রুল শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে আজ রায় প্রদান করা হয়।

আদালতে মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও আইনজীবী খন্দকার মারুফ হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

রায়ের পর আইনজীবী এ বি এম আলতাফ হোসেন বলেন, মামলায় মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু মামলার প্রধান আসামিরা ইতোমধ্যে অব্যাহতি পাওয়ায় তার বিরুদ্ধে মামলা চলার কোনো ভিত্তি নেই। আদালত সেই বিবেচনায় তার বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ আনা হয়। এতে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতিসাধন ও আত্মসাতের অভিযোগ রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ