
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেনকে জরিমানার মুখে পড়তে হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় সরকারি নিয়ম অনুযায়ী তার কাছ থেকে অর্থ আদায় করা হয় এবং ক্ষতিগ্রস্ত ২৪৭ জন নারীকে ক্ষতিপূরণ হিসেবে দ্বিগুণ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গত মার্চ মাসে ইউনিয়নের ২৪৭ জন কার্ডধারী নারীর জন্য বরাদ্দ চাল উপজেলা খাদ্যগুদাম থেকে তোলা হলেও তা নিয়মমাফিক বিতরণ করা হয়নি। অভিযোগ ওঠে, চালগুলো খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তে নেয় এবং একটি কমিটি গঠন করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ভিডব্লিউবি বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী, সরকারি মালামাল আত্মসাতের ঘটনায় বাজারমূল্যের দ্বিগুণ অর্থ আদায়ের বিধান রয়েছে। সেই নিয়ম মেনেই অভিযুক্ত চেয়ারম্যানের কাছ থেকে জরিমানাসহ অর্থ আদায় করা হয়।
শনিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের উপস্থিতিতে ভুক্তভোগী নারীদের মধ্যে অর্থ বিতরণ করা হয়। প্রত্যেকেই ৩ হাজার ৪২৫ টাকা করে পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন নিজের ভুল স্বীকার করে বলেন, ভুল বোঝাবুঝি ও পরিস্থিতিগত কারণে ঘটনাটি ঘটেছে। তিনি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাওনা অর্থ ফেরত দিয়েছেন।
অর্থ হাতে পেয়ে সুবিধাভোগী নারীরা স্বস্তি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

