রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, চিরকুটে নাম আসায় জিজ্ঞাসাবাদে শিক্ষক

রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও একটি চিরকুট ঘিরে তদন্তে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

মৃত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর বিভাগীয় শিক্ষকরা সকালে তার বাসায় যান। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, শিক্ষার্থীর মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে এক শিক্ষকের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। এর ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল ইমরান বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেওয়া হয়েছে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ