
বরখাস্ত সেনা কর্মকর্তা মো. আফজাল নাছেরকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে।
২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত অর্থাৎ আলোচিত এক–এগারোর সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) দায়িত্ব পালন করেছেন বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়।
পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে নাম আসে আফজাল নাছেরের। তাদের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

