শুক্রবার, মার্চ ২০, ২০২৬

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস পেলেন মাদক মামলায়

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস পেলেন মাদক মামলায়

এসিএম নিউজ, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
আজ মামলার যুক্তিতর্ক শুনানি ও রায়ের জন্য দিন ধার্য ছিল। যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন এবং আসিফ আকবরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে তাকে বেকসুর খালাস দেন।
আসিফ আকবরের আইনজীবী আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসিফ আকবর আদালতে হাজির ছিলেন।
এর আগে গত ৩ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দেন।
২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদোশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় দায়ের করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ