শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, ৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসিএম নিউজ, ঢাকা

অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়সহ অনলাইনে প্রতারণার অভিযোগ থাকায় ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশনস এন্ড অপারেশনস সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সুমন কুমার সাহা অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে ৫ টি হিসাবে মোট প্রায় ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা দেন বলে অভিযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট অর্থের সাথে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও সংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোতে পরিচালিত মোট ৫৯৫ টি হিসাবে মোট প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করার তথ্য পাওয়া যায়।

আবেদনে আরও বলা হয়, লেনদেন পর্যালোচনায় হিসাবগুলোতে সংঘটিত লেনদেনের সাথে সম্পৃক্ত অপরাধ প্রতরণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। একারণে তাদের ব্যাংকের হিসাবগুলোর অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি। অন্যথায় এসব হিসাবে থাকা অর্থ অভিযুক্তরা অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ