
এসিএম নিউজ ডেস্ক
জামালপুরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালত যাদের দন্ড দিয়েছেন তারা হলেন—মেলান্দহ উপজেলার সাবিলাপুর গ্রামের জাহাঙ্গীর আলম, চরসাগুনা গ্রামের জহুরুল ইসলাম (৬৫) এবং মেহেদী হাসান।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী এ ঘটনা সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানা গেছে, একটি বাড়িতে তিনজনকে টাকা বিতরণ করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা টাকা বিলি করছিলেন। তাদের কাছ থেকে ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে মামলা সূত্রে জানা গেছে।
খবর পেয়ে মাদারগঞ্জ সেনা ক্যাম্পের সদস্য ও জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিভিল জজ আরিফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে সাক্ষ্যপ্রমাণ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটকদের কারাদণ্ড দেন।

