বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের ব্যাংকে থাকা ৩০ কোটি টাকা অবরুদ্ধ

এসিএম নিউজ, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিমের ৪৬ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত হিসাবগুলোতে মোট ৩০ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ৪৬২ টাকা ৩২ পয়সা স্থিতি রয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের উপ-পরিচালক মোঃ হোসাইন শরীফ এই আওয়ামী লীগ নেতার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশ-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যবর্গ কর্তৃক বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাব সমূহ হতে অর্থ উত্তোলন পূর্বক অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের প্রচেষ্টা করা হচ্ছে। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায়, বর্ণিত ব্যিাংক হিসাব সমূহে জনাব আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম) এবং তার পরিবারের সদস্যবর্গ কর্তৃক ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ অর্থ লেনদেন ও জমা করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়। উক্ত হিসাব সমূহ হতে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। অতএব হিসাব সমূহের লেনদেন স্থগিত/অবরুদ্ধ করা আবশ্যক।
শনানি শেষে আদালত নাছিমের হিসাবসমূহ অবরুদ্ধের নির্দেশ দেন। নির্বাহী পরিচালক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সংশ্লিষ্ট ব্যাংক সমূহের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক (বি. অনু. ও তদন্ত-২), দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা এবং অনুসন্ধান কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ