
এসিএম নিউজ, ঢাকা
দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের সরকারি পরিচালক মোঃ আশিকুর রহমান নিষেধাজ্ঞা জারি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ দুদুকে অনুসন্ধানাধীন রয়েছে। ডিএনসিসির অধীনস্ত মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আবেদনে আরো বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ বিধিসহ ফৌজদারি কার্যবিধি’র ১৬০ ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ প্রদান করা হলে তিনি অত্র কার্যালয়ে উপস্থিত হননি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দুদক এক নোটিশ দিয়ে মোহাম্মদ এজাজকে ২৯ জানুয়ারি দুদক কার্যালয় হাজির হওয়ার নির্দেশ দেয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ডাকা হয়। কিন্তু ২৯ জানুয়ারি তিনি দুদকে হাজির হননি।
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ দেয় সরকার। তিনি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান । নিয়োগ পাওয়ার পরই তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

