
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৭৪ কোটি ৮৩ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধান বলছে, সরকারি নির্দেশনা সরাসরি উপেক্ষা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়ে অর্থ সাশ্রয়ের সুযোগ নষ্ট করা হয়েছে। যার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৭৫ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে। যার জন্য সরাসরি ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী এবং প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীকে দায়ী করা হয়েছে। এরই মধ্যে গত ২২ জানুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদেরকে আসামি করে মামলাও দায়ের করেছে দুদকের উপসহকারী পরিচালক হাবিবুর রহমান।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রজ্ঞাপন অমান্য করেন। সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা ছিল, আইসিটি বিভাগের পূর্বানুমতি ছাড়া কোনো মন্ত্রণালয় বা সংস্থা নতুন করে আলাদা ডাটা সেন্টার নির্মাণ করতে পারবে না এবং সব সরকারি তথ্য সরকারের সেন্ট্রাল ডাটা সেন্টারে সংরক্ষণ করতে হবে। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণ করে সরকারের আর্থিক ক্ষতিসাধন হয়েছে বলে দুদকের অনুসন্ধান কর্মকর্তা প্রমাণ পেয়েছে। যে কারণে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে।
@dhakapost

