
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিনটি ড্রেন ও একটি রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম করেছে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন। অনিয়মের বিষয়ে ২৫ মার্চ দৈনিক যুগান্তরে ‘সাভারে আরসিসি রাস্তা ড্রেন নির্মাণে অনিয়ম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে বৃহস্পতিবার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্তসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সংবাদ প্রকাশের পর পৌরসভার একটি প্রকৌশল টিম নির্মাণাধীন ড্রেন পরিদর্শন করে। পরিদর্শন শেষে ড্রেনের ওপেনিং, ভার্টিক্যাল ওয়াল ও রড বাইন্ডিং-এ ব্যাপক অনিয়ম ও অনুমোদিত নকশাবহির্ভূত কাজের সত্যতা পায়। পরে এসব বিষয় উল্লেখ করে প্রকৌশল টিম লিখিত একটি প্রাথমিক প্রতিবেদন প্রশাসকের দপ্তরে দাখিল করেন। প্রতিবেদনের আলোকে সাভার উপজেলার প্রকৌশলী মোহাম্মদ হানিফ মোর্শেদীকে আহ্বায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছেন সাভার পৌরসভা প্রশাসক। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) বাপ্পী শাহরিয়ার ও সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আলম মিয়াকে কারণ দর্শানো নোটিশে জবাব দিতে বলা হলেও নির্বাহী প্রকৌশলীকে কৌশলে আড়াল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম যুগান্তরকে বলেন, নির্মাণকাজে অনিময় ও দুর্নীতি হলে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীসহ নির্বাহী প্রকৌশলীও দায়ী। তাকে জবাবদিহিতার আওতায় আনা না হলে তদন্তে প্রশ্ন থেকে যাবে এবং তদন্তের সঠিক ফলাফল মারাত্মকভাবে ব্যাহত হবে। জানতে চাইলে সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার যুগান্তরকে বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুজনকে শোকজ করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনে নির্বাহী প্রকৌশলীর সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
@jugantor

