
এসিএম নিউজ, ঢাকা
প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেড চেয়ারম্যান ও বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবুল কাসেম এবং তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ও ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জ জ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের সরকারি পরিচালক এস এম মামুনুর রশিদ দেশত্যাগ নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
একটি আবেদনে বলা হয়েছে, আবুল কাসেমের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে প্রেরণপূর্বক তা পুনরায় ব্যাংকিং চ্যানেলে এনে বৈধ করার চেষ্টার মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে জানা যায় যে আবুল কাসেম সন্ত্রীক যে কোন সময় দেশ হতে পালিয়ে বিদেশে অবস্থান নিবেন।
অনুসন্ধানকালে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হয়ে পরবে।
সুতরাং, আবুল কাসেম ও তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশত্যাগ রহিতকরণ করা একান্ত প্রয়োজন।
অপর আবেদনে বলা হয়েছে, আবুল কাসেম অবৈধভাবে অর্জিত অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে প্রেরণপূর্বক তা পুনরায় ব্যাংকিং চ্যানেলে এনে বৈধ করার চেষ্টায় ব্যাংক ৩৪টি হিসাবসমূহে লেনদেন করেছেন।
যে কোন সময় উক্ত হিসাব সমূহ থেকে অর্থ উত্তোলনপূর্বক বিদেশে পাচার/গোপন করার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য হিসাব সমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

