
বাবা এএইচএম তসলিম হোসেন আর ছেলে সৌরভ ইয়াকুব হোসেনের প্রতারণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জায়গায় নানান লোভনীয় প্রকল্প করার কথা বলে বাবা-ছেলে প্রতারকচক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। অবশেষে সোমবার (১১ নভেম্বর) জান্নাতুল ফেরদাউস মুক্তা নামে একজন ভুক্তভোগী বাবা-ছেলের প্রতারণার বিষয়টি উত্থাপন করে মামলা দায়ের করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলা নাম্বার সিআর ৬২৯/২৪। এর আগেও বাবা-ছেলে একাধিকবার প্রতারণার অভিযোগে কারাভোগ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্টিল স্ট্রাকচারাল ওয়ার্কস ও হোজায়ফা ইকো ব্রিকস (সৌরভ ব্রিকস) ফ্যাক্টরির চেয়ারম্যান এএইচএম তসলিম হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক তার ছেলে সৌরভ ইয়াকুব হোসেন। তসলিম হোসেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক ছিলেন। সরকারের ২ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৮ সালের ৮ আগস্ট দুদক মামলা করে (মামলা নং-২৯) এবং একই বছরের ২৫ সেপ্টেম্বর তাকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। এরপর সরকারি চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ নং বিধান মোতাবেক তসলিম হোসেনকে প্রতারণার অভিযোগে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তসলিম হোসেন কারাগার থেকে মুক্ত হয়ে একমাত্র ছেলে সৌরভ ইয়াকুব হোসেনকে সঙ্গে নিয়ে যোগসাজশ ও জালিয়াতির মাধ্যমে নতুন আঙ্গিকে প্রতারণা শুরু করেন। স্টিল স্ট্রাকচারাল ওয়ার্কস ও হোজায়ফা ইকো ব্রিকস-এর ব্যবসার কথা বলে অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। ঢাকার অদূরে সাভার-হেমায়েতপুরে ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ফ্যাক্টরি; ঢাকা, চট্টগ্রাম, পাবনাসহ বিভিন্ন জেলায় ডেভেলপার প্রতিষ্ঠান উইন উইন কনস্ট্রাকশন; রাতে ঢাকায় খাবার সরবরাহ করার জন্য ই-কমার্সভিত্তিক ব্যবসা লেট নাইট সেবা; ই-কমার্স প্রতিষ্ঠান দামওয়ালা, ভারত-বাংলাদেশে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান ফ্ল্যাশ এন্টারটেইনমেন্ট; লন্ডনে ম্যান-পাওয়ারের ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার নামে বাবা-ছেলে সাধারণ মানুষের কোটি-কোটি টাকা লোপাট করেছেন।
@bhorerkagoj

