
ঘুষ, অনিয়ম, দুর্নীতি আর উৎপাদিত পণ্য পাচার করছে ইনসুলেটর ও স্যানিটারিওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ)। বছরের পর বছর ধরে এমন অনিয়ম ও দুর্নীতির কারণে সফলতার মুখ দেখছে না প্রতিষ্ঠানটি। অথচ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রতিবছর অর্থায়ন করছে শিল্প মন্ত্রণালয়। রহস্যজনকভাবে অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপও নেই শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসি।
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। ঘুষের টাকা গুনে নেয়ার পরই তিনি ফাইলের দিকে নজর দেন। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত পণ্য পাচারের অভিযোগও রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির সত্যতা যাচাই করতে মাঠে নামে সময় সংবাদ।
শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। সারা দেশে ঠিকাদারের মাধ্যমে পণ্য পাঠানোর কথা থাকলেও ট্রাকভর্তি সিরামিক পণ্য কোথায় যাচ্ছে তা ঠিকাদাররাও জানেন না। একজন ঠিকাদার বলেন, ‘এসব সম্পর্কে আমি কিছু জানি না। এখানে ট্রাক আসে, ট্রাক যায়। কে ট্রাক নেয়, কার ট্রাক যায়, কোন মাল কোথায় যাচ্ছে–এগুলো আমি জানি না।’

