Sunday, October 11, 2026

অফিসে অনুপস্থিতি ও নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরীন মাধবীর বিরুদ্ধে অনিয়মিত অফিস করা এবং সাধারণ মানুষের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নাগরিকরা জানান, সেবা নিতে এসে নানা সময় তারা হয়রানির শিকার হচ্ছেন। দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে তিনি জনগণের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেন, ফলে সেবা পাওয়ার পরিবর্তে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়েও তাকে সচরাচর অফিসে পাওয়া যায় না। আবার অফিসে এলেও তিনি সেবা প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরীন মাধবী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি নিয়মিত অফিস করি কিনা সেটা দেখার দায়িত্ব সাংবাদিকদের নয়, সিটি কর্পোরেশনের সিও ও সচিবের। সাংবাদিক হয়ে এসব প্রশ্ন করতে পারেন না।” এমনকি তিনি এক সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, “আপনি কি সাংবাদিক আখতারুজ্জামানকে চেনেন? না চিনলে আপনি সাংবাদিকই নন।”

অভিযোগ আরও রয়েছে, তার অফিসে সাধারণ মানুষকে প্রথমে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা সালাউদ্দিন নামে একজনের মাধ্যমে যোগাযোগ করতে হয়। পরিচ্ছন্নতা কর্মীরা দায়িত্ব পালন না করে আড্ডা দিচ্ছেন, বিভিন্ন কর্মকর্তাদেরও সচরাচর অফিসে পাওয়া যায় না। এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি মন্তব্য করেন, “এগুলো সাংবাদিকদের দেখার বিষয় নয়।”

এছাড়া অঞ্চল-৩ এর আওতাধীন সড়ক ও খাল-নদী বেদখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রেড লাইসেন্স প্রদানেও কোনো উদ্যোগ নেই বলে স্থানীয়দের অভিযোগ।

এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ গাছা এলাকার সাধারণ মানুষ দ্রুত সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে অফিসে পাওয়া যায়নি। ফোন করেও সাড়া মেলেনি।

 

@weeklyjagrotojanata

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ