
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে গোপন তথ্যের মাধ্যমে পাওয়া তথ্যাদি পর্যালোচনায় প্রতীয়মান হয়, জাহিদ মালেকের সহযোগিতায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। সাদিয়া মালেক ও সিনথিয়া মালেক দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ বাধাগ্রস্ত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

