
শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক সেনা কর্মকর্তা অধ্যক্ষসহ মোট ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিয়োগ ও পদোন্নতি বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এ মামলা করা হয়েছে।
বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগদানের কোনো ক্ষমতা না থাকা, নিয়োগ বোর্ডে কোন ডিজি, ডিজির প্রতিনিধি ও বিষয়ভিত্তিক শিক্ষক না রাখা, প্রার্থীদের বিজ্ঞাপনে চাওয়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ না থাকা, টেবুলেশন শিটে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ না দেয়া, নিয়োগ সংক্রান্ত টেবুলেশন শিট তৈরির আগেই অর্থাৎ নিয়োগ পরীক্ষা পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র, যোগদানপত্র ইস্যু করা ইত্যাদি নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার আশ্রয়ে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে সাজানো নিয়োগ পরীক্ষার আয়োজন করে শুধুমাত্র পূর্ব পরিচিত ১৩ জন প্রার্থীকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গভর্নিং বডির সাবেক সভাপতি রাশেদ খান মেননসহ অভিযোগসংশ্লিষ্ট ২০ জনের বিরুদ্ধে দন্ডবিধির, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় ১টি মামলা রুজুর অনুমোদন দেয়া হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সেনা কর্মকর্তা লে. কর্নেল আলমগীর হোসেন, অভিভাবক সদস্য ডা. মাহবুব উর রহমান, সাবেক সদস্য মো. আবুল হোসেন, সাবেক অভিভাবক সদস্য জহিরুল ইসলাম খান, প্রভাষক শ্যামলী হোসেন, জন প্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ সচিব মীর মোশাররফ হোসেন, প্রভাষক আয়শা সিদ্দিকা, নাসরিন আফরোজ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তুহিন বিশ্বাস, মোহা. বজুলর রহমান, মো. রাসেল, মো. হারুন-অর-রশিদ খান, মো. মোশাররফ হোসেন, উৎপল বিশ্বাস, একেএম মাসুদ রানা, মো. আরিফুল ইসলাম। এ ছাড়াও মোট ৫৭ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
@dainikshiksha

