
স্থানীয় সরকার বিভাগ ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রমে আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি দাবি করেন, বিগত সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে। বিশেষ করে পিরোজপুর জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার সম্পন্ন হওয়ার পরও বাস্তবে কোনো কাজ না করে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “এই অনিয়মের কারণে গত দুই বছর ধরে পিরোজপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত বন্ধ রয়েছে। আমরা দ্রুত সেখানে পরিদর্শনে গিয়ে প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেব।”
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ তদন্তের আওতায় আনা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, একটি প্রকল্পের ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছিল, যা প্রশাসনিক বিধি-বিধানের পরিপন্থী। বিষয়টি তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
সরকারি উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করবে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ।

