
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি নবনির্মিত টয়লেটের নামফলকে উল্লেখিত ব্যয় ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নামফলকে নির্মাণ ব্যয় প্রায় দুই কোটি টাকা দেখানো হলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করে।
নির্মাণ শেষে টয়লেটের দেয়ালে একটি নামফলক স্থাপন করা হয়। সেখানে ভুলবশত নির্মাণ ব্যয় হিসেবে এক কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা উল্লেখ করা হয়। স্থানীয় কয়েকজন যুবক এ বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে ফেসবুকে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলে মন্তব্য করেন। আরিফুল নামের এক ব্যবহারকারী লিখেছেন, “সরকারি টাকা এভাবেই লুটপাট হচ্ছে।” অপরদিকে ইউনুস আলী নামে আরেকজন মন্তব্য করেন, “এত দামি টয়লেট আমরা ব্যবহার করতে চাই না।”
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, টয়লেট নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তা তাদের জানা নেই। নামফলকে দুই কোটি টাকা উল্লেখ দেখে তারাও বিস্মিত হয়েছেন।
বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, একটি সাধারণ ভুলের কারণে বিষয়টি বড় আকার নিয়েছে এবং একটি পক্ষ এটিকে অতিরঞ্জিতভাবে ছড়িয়েছে।
অন্যদিকে উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। নামফলক প্রিন্টিংয়ের সময় ভুলবশত অতিরিক্ত শূন্য যুক্ত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টি জানার পর নামফলকটি সংশোধন করা হয়েছে বলে তিনি জানান।

