Tuesday, August 11, 2026

মিঠাপুকুরে রাস্তা নিয়ে বিরোধ: নারীকে আইসিটি আইনে মা’ম’লা দেওয়ার হুমকির অ’ভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসুমপুর ইউনিয়নে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে আইসিটি আইনে মামলা ও সাজা দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার নুরুজ্জামান নুরুর বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি কথোপকথনের অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বজরুক সন্তোষপুর গ্রামের রওশন আরা বেগমসহ কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। রাস্তা উদ্ধারের জন্য ভুক্তভোগীরা উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ ও যোগাযোগ করেছেন। তবে এখন পর্যন্ত সমস্যাটির স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের।

সম্প্রতি চলাচলের রাস্তা বন্ধ থাকা ও জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি নিয়ে রওশন আরা বেগমের মেয়ে উজালী বেগমের সঙ্গে বালুয়া মাসুমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার নুরুজ্জামান নুরুর কথোপকথন হয় বলে জানা গেছে।

প্রতিবেদকের হাতে আসা ওই অডিও রেকর্ডে উজালী বেগমকে প্রশাসন বা আদালতের দ্বারস্থ হলে আইসিটি আইনে মামলা করে সাজা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উজালী বেগমের অভিযোগ, তাকে নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, “আমাকে সব সময় ভয়ভীতি দেখানো হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেড় থেকে দুই বছরের সাজা দেওয়ার কথা বলে বারবার হুমকি দেওয়া হচ্ছে।”

অভিযোগের বিষয়ে তহশিলদার নুরুজ্জামান নুরুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে কেউ যদি অপপ্রচার চালায়, আইসিটি আইনে উপজেলা ভূমি কমিশনারকে দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা আমি বলেছি।”

আইসিটি আইনে উপজেলা ভূমি কমিশনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দিতে পারেন কি না—এমন প্রশ্ন করা হলে নুরুজ্জামান নুরু বলেন, “হ্যাঁ, পারেন। বেশি বাড়াবাড়ি করলে স্যারকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করব।”

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, একজন সেবা গ্রহীতাকে আইনগত ব্যবস্থা নেওয়া ও সাজা দেওয়ার ভয় দেখানো কতটা বিধিসম্মত এবং তহশিলদারের এ ধরনের বক্তব্যের আইনগত ভিত্তি কী।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা চলাচলের রাস্তা দ্রুত খুলে দিয়ে তাদের স্বাভাবিক চলাচলের সুযোগ নিশ্চিত করা হোক। পাশাপাশি তহশিলদারের বিরুদ্ধে হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ