
পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রী খন্দকার শামীমা হাসানের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার (৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন। খন্দকার শামীমা হাসানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখার জন্য তার আয়কর নথি পর্যালোচনা করা দরকার। এ কারণেই শামীমা হাসানের আয়কর নথি জব্দের নির্দেশনা চাওয়া হয় দুদকের আবেদনে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, মোস্তফা কামাল ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে অবৈধ সম্পদ গড়ে তোলেন। অভিযোগ অনুযায়ী, খন্দকার শামীমা হাসান প্রায় এক কোটি ১৫ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবেদনে আরও বলা হয়, শামীমা হাসান নিয়মিত আয়কর প্রদানকারী হওয়ায় তার আয়-ব্যয়ের প্রকৃত চিত্র যাচাই করতে আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব তথ্য ও রেকর্ড জব্দ করা জরুরি।
উল্লেখ্য, অভিযুক্ত মোস্তফা কামাল নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত।

