মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

শিল্পাঞ্চলে মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ধারীর বি’রুদ্ধে হয়রানি ও অর্থ দাবির অ’ভিযোগ

রাজধানীর শিল্পাঞ্চল থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়দানকারী মিজান নামের এক ব্যক্তির বিরুদ্ধে হয়রানি, অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন।

এক ভুক্তভোগী জানান, তার ছেলে পেশায় একজন অটোরিকশা চালক। পরিবারের দাবি, ঘটনার দিন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়। তবে আটকের সময় কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা দাবি করেন, আটক ব্যক্তিকে তারা দীর্ঘদিন ধরে চেনেন এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে জানেন। তাদের অভিযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ লেনদেনের মাধ্যমে কিছু ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ঘটনা নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে।

এদিকে এক নারী ভুক্তভোগী ক্যামেরার সামনে অভিযোগ করেন, কোনো ধরনের কারণ ব্যাখ্যা ছাড়াই তাকে একটি গাড়িতে তোলা হয়। পরে তার কাছে অর্থ দাবি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদক শাফায়েত হোসেন অভিযুক্ত মিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরে কথা বলার আশ্বাস দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ