বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

মাইলস্টোন ট্রাজেডি: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বি’রুদ্ধে মা’ম’লা খারিজ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলা খারিজের আদেশ দেন।

সকালে আদালতে এই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন মামলা দায়ের করার পর জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে পরে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন। বিকেলের দিকে আদালত আদেশ দেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অভিযোগের তেমন কোন উপাদান না থাকায় আদালত অভিযোগ আমলে না নিয়ে মামলা খারিজ করে দেন।

মামলায় অন্য যাদের আসামি করা হয় তারা হলেন, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মুহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান ও রাজউকের ফিল্ড সুপার ভাইজার (উত্তরা)।

গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই শিশু। মামলায় আসামিদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা জনিত নরহত্যা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ