
এসিএম নিউজ, ঢাকা
শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল হালিম এবং বিদ্যুৎ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন আপাতত বিদেশ যেতে পারবেন না। তাদের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করায় তারা বিদেশ যেতে পারবেন না।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ‘পল্লী বিদ্যুতায়নের কার্যক্রমের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি পেমেন্ট মিটার যোগাযোগের ব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধান কালে দুদক জানতে পেরেছে, অভিযুক্ত দুজন যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

