শুক্রবার, মে ১, ২০২৬

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এসিএম নিউজ, ঢাকা

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের কাছে এমন তথ্য রয়েছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছাড়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার দেশত্যাগ সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।
উল্লেখ্য, গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই সময় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আক্রান্ত হন।
এ ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ