শনিবার, মে ২, ২০২৬

ডিএমপি-ডিবি কর্মকর্তাদের অবৈধ সম্পদ তদন্তে হাইকোর্টে রিট

শেখ হাসিনার শাসনামলের ১৭ বছরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এবং ডিএমপির কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু। তিনি শুক্রবার (১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও তদন্তে বিলম্বের বিষয়টি তুলে ধরে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো কার্যকরভাবে তদন্ত করা হয়নি। এতে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠেছে।

আবেদনে হাইকোর্টের কাছে কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই, দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ প্রদান এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ।

রিটকারী আইনজীবীর মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা সুশাসনের জন্য উদ্বেগজনক। তিনি দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে জানা গেছে, বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শিগগিরই শুনানির জন্য উঠতে পারে। ইতোমধ্যে এ রিটকে ঘিরে আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ