সোমবার, জুন ১, ২০২৬

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফাহিম গুলশানের একটি হত্যা মামলায় কারাগারে

এসিএম নিউজ, ঢাকা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গুলশান থানার একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাকে বিকালে আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ফাহিমের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও জামিনের আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে এলাকার কিছু শিক্ষার্থী ও সাধারণ জনগণ। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। গুলশান থানা এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায়।
মামলায় বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে মিছিলে যোগ দেন মো. ইমরান (৩০) নামের একজন শ্রমিক। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাত আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।
অঝোরে কেঁদেছেন ফাহিম:
কড়া পুলিশি নিরাপত্তায় মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে বিকাল তিনটা বিশ মিনিটে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। এসময় তার আইনজীবীরা তাকে কান্না থামাতে বলেন। তাকে শান্ত থাকতে বলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ