
দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব-কে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।
২৩ মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একইসঙ্গে জ্যাকবের জামিন আবেদন শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ১৯ মে মামলার তদন্ত কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপপরিচালক এস. এম. রাশেদুর রেজা জ্যাকবকে মামলায় গ্রেফতার দেখানো ও কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
শনিবার শুনানির সময় জ্যাকবকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হাফিজুর রহমান গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি একদিনের কারাফটক জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিন আবেদন করলে আদালত সেটির শুনানির জন্য ১৬ জুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জ্যাকবের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮৫ কোটি ৬৯ লাখ টাকার অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও আনা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। পরে ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

